Logo
Barrister Jamiruddin Sircar Institute (Degree), Panchagarh
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রী), পঞ্চগড়
📍 এইচ.এস.সি (সাধারণ): ৮৫৫০, এইচ.এস.সি (বিএমটি): ১১০২৭, ডিগ্রী: ৩৬১২, ইআইআইএন: ১৩২০১১

About

About

'ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট' পঞ্চগড় জেলা শহরের উত্তর প্রান্তে পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পশ্চিম পাশে মনোরম পরিবেশে অবস্থিত। পঞ্চগড় সদর উপজেলার ৩ নং পঞ্চগড় ইউনিয়ন পরিষদের জ্ঞান পিপাসু অধিবাসীগণ একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার অভাব অনুভব করেছেন দীর্ঘদিন ধরে। তাঁদের এ অভাববোধের প্রেক্ষিতে ৩নং পঞ্চগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জাহেদুল হক সর্ব সাধারণের একটি সভা আহবান করেন। এই সাধারণ সভাটি পঞ্চগড় জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেদিন শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সর্ব সাধারণের ঐক্যমতের ভিত্তিতে পঞ্চগড় জেলার কৃতি সন্তান ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার মহোদয়ের নিকট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এ মহতি উদ্যোগের বার্তা ঢাকা পৌছানোর লক্ষ্যে অত্র এলাকার শিক্ষানুরাগী এবং সমাজসেবী ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি দল গঠন করা হয়। উক্ত দলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মরহুম আলহাজ্ব জাহেদুল হক (সাবেক চেয়ারম্যান, ৩ নং ইউ.পি), জনাব মো: বশিরুল আলম প্রধান (সাবেক উপজেলা চেয়ারম্যান), জনাব মো: মজাহারুল হক প্রধান (সাবেক এম.পি), জনাব মো: তৌহিদুল ইসলাম (সাবেক মেয়র, পঞ্চগড় পৌরসভা), জনাব সমে আলী আহাম্মেদ (সাবেক চেয়ারম্যান, ধাক্কামারা ইউ.পি), জনাব আব্দুর রহমান (ডোকরোপাড়া), জনাব ইউসুফ আলী (বিশিষ্ট ব্যবসায়ী, জগদল), মরহুম আব্দুল খালেক (বিশিষ্ট সমাজসেবক, ভজনপুর), মরহুম ইউসুফ বিহারী (বিশিষ্ট সমাজসেবক, তেঁতুলিয়া), মরহুম ময়নুল হক (সাবেক চেয়ারম্যান, দেবনগর ইউ.পি) প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা অভিমুখে গমনকারী দলটি প্রথমে পঞ্চগড় জেলার বিশিষ্ট ব্যক্তিগণ যারা বিভিন্ন কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকাস্থ পঞ্চগড় জেলার অধিবাসীগণের মধ্যে মরহুম এ্যাডভোকেট নাজমুল হক (শিংপাড়া), জনাব নাজমুল হক প্রধান (সাবেক এম.পি), প্রফেসর মো: আলতাফ হোসেন (নতুনবস্তি), মরহুম আনোয়ার হোসেন সরকার (সাবেক উপাধ্যক্ষ, রংপুর কারমাইকেল কলেজ) প্রমুখকে সঙ্গে নিয়ে উক্ত দলটি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার মহাশয়ের মিন্টু রোডস্থ বাসভবনে সাক্ষাৎ করেন। পঞ্চগড়ের শিক্ষানুরাগী এই দলের সঙ্গে মতবিনিময় কালে তিনি স্বীকার করেন যে, পঞ্চগড়ে একটি কর্মমূখি এবং যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। মতবিনিময় শেষ হলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে মোলানি মৌজার শিংপাড়া গ্রামে তাঁর স্ত্রীর নামীয় দুই একর জমিদানের অঙ্গিকার ব্যক্ত করেন। উক্ত জমির সাথে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানকৃত জমি মিলে বর্তমানে প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ প্রায় ৪ একর। ১৯৯০ খ্রিষ্টাব্দে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট নামে নিম্ন মাধ্যমিক স্তর নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। জনাব মো: আজিজার রহমান প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর সরকারি স্বীকৃতি ও মঞ্জুরীপ্রাপ্ত হয় । ১৯৯৩ খ্রিস্টাব্দে ১২৪ জন শিক্ষার্থী নিয়ে কলেজ শাখায় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু হয়। কলেজ শাখায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন জনাব মো: আহসান হাবিব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর অধীনে এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র হিসেবে ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানে প্রথমবার পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এবং বি.এ ও বি.এস.এস কোর্স চালু হয়। উল্লেখ্য যে, অত্র ইনস্টিটিউট পঞ্চগড় জেলার মধ্যে প্রথম ডিগ্রি পর্যায়ে মনোবিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রের মর্যাদা লাভ করে। ২০০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক বি.এম. (উচ্চ মাধ্যমিক) শাখায় শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়। ২০০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি বি.এম (উচ্চ মাধ্যমিক) শাখা একটি স্বতন্ত্র পাবলিক পরীক্ষা কেন্দ্রের স্বীকৃতি অর্জন করে। বর্তমানে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রায় ৪০০০ পুস্তক সংরক্ষিত একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে প্রতিষ্ঠানটিতে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুদক্ষ গভর্নিং বডি এবং সুযোগ্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল সন্তোষজনক। শ্রেণিকক্ষ ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ করে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও ক্রিকেট খেলায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জেলা ও বিভাগীয় পর্যায়ে ভালো ফল করার ধারাবাহিকতা রয়েছে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট নামীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সূচনালগ্নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাঁরা হলেন মরহুম এ্যাডভোকেট আজহারুল ইসলাম (উপজেলা চেয়ারম্যান, তেঁতুলিয়া), আলহাজ্ব মো: মজাহারুল হক প্রধান (বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী, সাবেক জাতীয় সংসদ সদস্য-১, পঞ্চগড়-১), মরহুম আব্বাস আলী (বিশিষ্ট রাজনীতিবিদ, শিংপাড়া), জনাব আলহাজ্ব মো: মোশারফ হোসেন প্রধান (বিশিষ্ট সমাজসেবক), জনাব মো: জাহাঙ্গীর আলম ঝুনু (সাবেক কমিশনার), জনাব মো: নিজামউদ্দিন (সাবেক ইউ.পি সদস্য), জনাব মো: ইউসুফ আলী (উচ্চমান সহকারি, এম. আর সরকারি কলেজ) এবং আরো অনেকে । ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার মহোদয় পঞ্চগড় শহরে তাঁর নিজ পরিবার-পরিজন নিয়ে বসবাসের জন্য একটি স্থায়ী আবাসিক নিবাস তৈরীর নিমিত্তে যে জমি ও স্থাপনা দিনে দিনে সঞ্চিত করেছিলেন তা সম্পূর্ণরূপে দান করার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরে পুলিশ লাইনস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট, দক্ষিণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ, জনস্বাস্থ্য অধিদপ্তর ও আনসার ভিডিপি অফিস, পশ্চিমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্র এবং পূর্ব পাশের সীমানা প্রাচীর ঘেঁষে ঢাকা-বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ে।